তৃণমূলে স্বাস্থ্য সেবায় জনগণের আস্থা বৃদ্ধিতে স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এলাকার হাসপাতালে চিকিৎসা নেন তাহলে জনগণের চিকিৎসা সেবার ওপর আস্থা বেড়ে যাবে।
মন্ত্রী বলেছেন, জনগণের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। জনগণ যদি তৃণমূলে ভালো স্বাস্থ্য সেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবেন না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় একথা বলেন। এর আগে তিনি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইল ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
মন্ত্রী চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে বলেন, ভুল চিকিৎসার অজুহাতে অহেতুক ডাক্তারদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। পাশাপাশি আপনারা চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সেবা দেবেন।
চিকিৎসকদের সকল সুরক্ষার আশ্বাস দিয়ে নির্ভয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।
জেলা সদর হাসপাতাল আয়োজিত অনুষ্ঠিত মত বিনিময়সভায় জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ খুরশীদ আলম সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন উপস্থিত ছিলেন।
হিট অফিসার বুশরার পরামর্শে ঢাকায় ‘কৃত্রিম বৃষ্টি’
প্রাথমিকের সময় পরিবর্তন, ক্লাস চলবে ১১টা পর্যন্ত