কিংসকে আরও এগিয়ে দিল মোহামেডান

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:২৪ এএম

চলতি লিগে দারুণ গতিতে ছুটছে বসুন্ধরা কিংস। তাদের খানিকটা চাপে রেখেছিল মোহামেডান। কিন্তু গতকাল সাদা-কালো জার্সিধারীরা নিজেদের ম্যাচে ড্র করে পয়েন্ট হারায়। এরপর ঘরের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে শেখ জামালকে। এই জয়ে শিরোপার আরও কাছে গেল লিগে চারবারের চ্যাম্পিয়ন কিংস।

১৩ রাউন্ড শেষে শীর্ষে থাকা কিংসের পয়েন্ট ৩৪। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। বাকি থাকা পাঁচ ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে কিংসের। আর যদি মোহামেডান আরও পয়েন্ট হারায়, বসুন্ধরা নিজেদের কাজটা ঠিকমতো করে, তবে আগেই শিরোপা জিতবে ব্রুজনের দল।

গত ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন শেখ মোরসালিন। সেই ম্যাচেই ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। এর পর থেকেই মাঠের বাইরে ছিলেন, অবশেষে গতকাল ফেরেন মোরসালিন। ছিলেন শুরুর একাদশে। পায়ের খুব সংবেদনশীল জায়গায় আঘাত পেয়েছিলেন, ওষুধ সেবনের পাশাপাশি বিশ্রাম ছাড়া চোট থেকে সেরে ওঠার আর কোনো পথ ছিল না এই অ্যাটাকিং মিডফিল্ডারের সামনে। তিন মাস ধরে সেটাই করে আসছিলেন মোরসালিন।

ম্যাচের ১৮ মিনিটে মাঠের বাঁ প্রান্ত দিয়ে উঁচু করে বল বাড়ান ব্রাজিলিয়ান রবসন রবিনহো। বক্সে থাকা ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান পেছনে দাঁড়িয়ে থাকা ডরিয়েল্টন। সহজেই বল জালে জড়ান তিনি। ২৬ মিনিটে কর্নার থেকে হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি শেখ জামালের কিরণ। ৩ মিনিট পর রাকিবের ক্রসে এবার হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি বসুন্ধরা কিংসের গফুরফ।

তাপপ্রবাহের কারণে ম্যাচের ৩০ মিনিট পর খানিক সময় পানি পানের বিরতি নেন দুই ক্লাব ও রেফারিরা। ৪১ মিনিটে রবিনহোর শট বারের অনেকটা ওপর দিয়ে যায়। ৪৪ মিনিটে আবু টুরেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তপু বর্মণ। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ডরি। রবসনের কর্নার কিক থেকে হেডে বল জালে পাঠান। চলতি মৌসুমে লিগে ১১ গোল হয়ে গেছে ডরিয়েল্টনের।

৭৮ মিনিটে ডরিয়েল্টনের পাস থেকে বক্সে বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি রবসন। পরের মিনিটে আবারও বল পান রবসন। এবার ফাঁকায় সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি। ৮৪ মিনিটে ডরিয়েল্টনকে হ্যাটট্রিক বঞ্চিত করেন শেখ জামালের গোলকিপার হামিদ। দারুণ সেভ দিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখে জয় পায় বসুন্ধরা।

এর আগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে মোহামেডান। ম্যাচে প্রথম ভালো সুযোগ পেয়েছিল পুলিশ এফসি। ১৮ মিনিটে সৈয়দ কাজেম শাহ কিরমানির নিচু শট পোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে দুই দল গোলের জন্য চেষ্টা চালায়, কিন্তু কেউ পারেনি ডেডলক খুলতে। টানা তিন জয়ের পর ড্র করল মোহামেডান। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে চতুথ স্থানে পুলিশ।

দিনের আরেক ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৫-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ১৮ মিনিটে নাসিরউদ্দিন চৌধুরী দলকে এগিয়ে নেন। ৩২ মিনিটে পল কোমোলাফে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রিয়াজ উদ্দিন সাগর ও ডেভিড ইফেগুইয়ের গোল করেন। যোগ করা সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড কোমোলাফে ম্যাচে নিজের দ্বিতীয় এবং চট্টগ্রাম আবাহনীর পঞ্চম গোলটি করেন। চলতি লিগে ব্রাদার্স এ নিয়ে ১০ ম্যাচ হারের তেতো স্বাদ পেল। লিগের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত জয়হীন ব্রাদার্স ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে। আর চট্টগ্রাম আবাহনী ১৬ পয়েন্টে ৫ নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত