যোগকরা সময়ের গোলে অপরাজিত রইলো লেভারকুসেন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৫ এএম

'এটা অবিশ্বাস্য' স্টুটগার্টের বিপক্ষে ৯৬ মিনিটে বায়ার লেভারকুসেনের সমতাসূচক গোলের পর ধারাভাষ্যকারের প্রথম কথা ছিল এটি। চলতি মৌসুমে লেভারকুসেন যা করছে, সবকিছুই যেন অবিশ্বাস্য!

প্রথমবারের মতো জার্মান লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে জাবি আলোনসোর দল। মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রাখলো তারা। শনিবার রাতের ম্যাচসহ বুন্দেসলিগায় এখন পর্যন্ত ৭ ম্যাচে যোগ করা সময়ের গোলে পয়েন্ট আদায় করেছে লেভাকুসেন।

স্টুটগার্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করায়, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৬ ম্যাচে অপরাজিত থাকল জার্মান ক্লাবটি।

নিজেদের মাঠে ম্যাচের ৫৬ মিনিটের মধ্যে ২-০ তে পিছিয়ে পড়েছিল লেভারকুসেন। ৬১ মিনিটে আমিনে আদলির গোলে ব্যবধান কমায় লেভারকুসেন। ম্যাচে চলছিল যোগকরা সময়। তবে প্রথম হার পেতে যাচ্ছে লেভারকুসেন।

শেষ মুহূর্তে (৯৬ মিনিট) স্টুটগার্টের বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় লেভারকুসেন। ফ্রি-কিক থেকে দারুণ শটে গোল করেন রবার্ট আন্দরিখ। তাতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুদল।

অপরাজিত থাকার এই ধারা আর দুই ম্যাচ ধরে রাখলে নতুন এক কীর্তিতে নাম লেখাবে লেভারকুসেন। ১৯৫৫-৫৬ মৌসুমে উয়েফা প্রতিযোগিতা শুরুর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে বেনফিকার পাশে বসবে আলোনসোর দল। ১৯৬৩-৬৫ সালে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থেকে ইতিহাস গড়েছিল বেনফিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত