বার্সেলোনা মূল দলে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস জুটি বেধে খেলা শুরু করেন ২০০৮-০৯ মৌসুম থেকে। সেই থেকে ২০২০-২১ পর্যন্ত বার্সাতেই একসঙ্গে খেলেছেন তারা দুজন। এরপর গত বছর থেকে মেসি-বুসকেটস একসঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে।
ক্লাব বদলেছে, বদলেছে দেশও। কিন্তু মেসি-বুসকেটস জুটির রসায়ন বদলায়নি। তার প্রমাণ আবারও মিলল বাংলাদেশ সময় রবিবার সকালে হওয়া ইন্টার মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচে।
ম্যাচটিতে মেসি করেছেন জোড়া গোল, তার দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেন বুসকেটস। গেল সপ্তাহে ন্যাশভিলের বিপক্ষে মেসির অ্যাসিস্টে বুসকেটস গোল করেছিলেন। আজ বুসকেটস যেভাবে বক্সে মেসিকে পাস দেন তা চোখে লেগে থাকার মতো। বার্সেলোনায় থাকতে এমন অ্যাসিস্ট-গোল দেখা মিলতো মেসি-বুসকেটস জুটির থেকে।
দুই সতীর্থের মধ্যে ভালো বোঝাপড়া না থাকলে ফুটবল ম্যাচে এমন অ্যাসিস্ট করাটা কঠিন। আর মেসি-বুসকেটস বোঝাপড়াটা তো সেই বার্সেলোনা থেকেই। মেসি ও বুসকেটস আজকেরটি সহ একসঙ্গে খেললেন মোট ৫৯১ ম্যাচ। দুজন একসঙ্গে মিলে দলের গোলে অবদান রেখেছেন ২৫ বার।
তবে এই ২৫ বারের হিসেবে তাদের বোঝাপড়াকে মাপলে আপনি ভুল করবেন। খেলা দেখলেই বোঝা যায় একসঙ্গে মাঠে থাকলে নিজেদের মধ্যে কতবার বল দেওয়া-নেওয়া করে আক্রমণের সুযোগ তৈরী করেন তারা দুজন।
বুসকেটসের অ্যাসিস্টে মেসি গোল করেছেন ২২টি, আর মেসির অ্যাসিস্টে বুসকেটসের গোল সংখ্যা ৩টি। বুসকেটস ডিফেন্সিভ মিডফিল্ডার তাই তার গোল সংখ্যা কম হওয়াটাই স্বাভাবিক।
কিছুদিন আগেই মেসি-সুয়ারেজ জুটি গোলের সেঞ্চুরি পূরণ করেন। মেসি-সুয়ারেজ একসঙ্গে খেলা শুরু করেন ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনাতে। কাতালান ক্লাবটিতে এই জুটি ২০১৯-২০ মৌসুম পর্যন্ত একসঙ্গে খেলেন। এরপর ২০২৪ সাল থেকে আবারও তারা একসঙ্গে খেলছেন মায়ামিতে।
আজ মেসির অ্যাসিস্ট থেকে একটি গোল করেছেন সুয়ারেজ। তাতে মেসি-সুয়ারেজ জুটির ক্লাবের জন্য গোলে অবদান সংখ্যা দাঁড়াল ১০৪ এ। সুয়ারেজের অ্যাসিস্টে ৫৯ গোল করেছেন মেসি। আর মেসির অ্যাসিস্টে সুয়ারেজের গোল সংখ্যা ৪৫টি। দুজনেই আক্রমণ ভাগে থাকায় তাদের মধ্যে গোলের সংখ্যাটা বেশি।
মেসি ও সুয়ারেজ একসঙ্গে মাঠে খেলেছেন আজকেরটি সহ ২৬৭ ম্যাচে।
