আমেরিকায় চাঁদার দাবিতে সন্ত্রাসীদের গুলিতে আমেরিকা প্রবাসী বাংলাদেশী বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী বাবুল মিয়া (৪৫) নাঙ্গলকোট পৌরসভার হরিপুর উত্তরপাড়ার মৃত আবদুল আজিজের ছেলে।
গত শনিবার আমেরিকার স্থানীয় সময় সকাল ১২টায় নিউইউর্কের বাপেলো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৯টায় আমেরিকা প্রবাসী নিহত বাবুল মিয়ার শ্যালক মেজবাহ বাবুল মিয়ার ভাগ্নে আবদুল মজিদকে মুঠোফোনে মৃত্যুর খবরটি জানান। বাবুল মিয়ার স্ত্রী, ৪ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। তার মৃত্যুর খবরে ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বাবুল মিয়ার বড় ভাই হাবিবুর রহমান ও ভাগ্নে আবদুল মজিদ জানান, বাবুল মিয়া ১৯৯১ সালে ডিভি লটারিতে আমেরিকা যান। ২০১০ সালে পরিবারকে আমেরিকা নিয়ে যান। গত এক বছর আগেও তিনি একা এসে ১৫দিন গ্রামের বাড়িতে থেকে আমেরিকায় চলে যান। শনিবার আমেরিকার স্থানীয় সময় সকাল ১২টার দিকে নিউইউর্কের বাপেলো এলাকায় বাবুল মিয়া ও তার সহযোগী সিলেটের ইউছুফ তাদের আবাসন ব্যবসার কাজ করা অবস্থায় স্থানীয় এক সন্ত্রাসী এসে তাদের কাছে চাঁদা দাবি করেন। তারা চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ওই সন্ত্রাসী বাবুল মিয়া ও ইউছুপকে চুরিকাঘাতে পর গুলি করে হত্যার চেষ্টা করেন। ইউছুপ ঘটনাস্থলে নিহত হন। নিউইউর্কের আইনশৃঙ্খলাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবুল মিয়াকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এর মধ্যে বাবুল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার কাজ থেকে বাসায় এসে বাবার মুঠোফোনে ফোন করার পর ফোন রিসিভ না হওয়ায় ফোন কলের লোকেশন খুঁজে ঘটনাস্থলে এসে বাবুল মিয়াকে আমেরিকান আইনশৃঙ্খলা বাহিনী আহত অবস্থায় হাসপাতালে নিতে দেখেন। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বাবুল মিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, ঘটনা জেনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
