দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন অবসানের নেতৃত্ব দিয়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ইতিহাসের জায়গা করে নিয়েছে। এ বছর দেশটির বর্ণবাদী শাসন অবলুপ্তির ৩০ বছর পূর্ণ হলো। বর্ণবাদী শাসন অবসানের ৩০ বছর পূর্তির মুহূর্তে এএনসির প্রতি দক্ষিণ আফ্রিকার মানুষের সমর্থন ইতিহাসের সর্বনিম্ন জায়গায় এসে দাঁড়িয়েছে।
সম্প্রতি একটি জরিপের সূত্র ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, আসন্ন নির্বাচনের আগে দলটির সমর্থন ৪০ শতাংশের সামান্য ওপরে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় জনমতের যে স্বরূপ দেখা যাচ্ছে, তাতে বর্ণবাদী শাসন অবলুপ্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে। আগামী ২৯ মে দক্ষিণ আফ্রিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর থেকে আভাস দেওয়া হচ্ছিল যে, এবার এএনসির সমর্থন ৫০ শতাংশের নিচে নামতে পারে। এখন দেখা যাচ্ছে, ধারাবাহিকভাবেই সেই সমর্থন হ্রাস পাচ্ছে। অর্থাৎ পরিস্থিতির এই ধারা অব্যাহত থাকলে আগামীতে সরকার গঠন করতে হলে অংশীদারদের ওপর নির্ভর করতে হবে দলটিকে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ সালের ২৭ এপ্রিল একটি তুমুল উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এএনসি জয় নিশ্চিত করেছিলেন। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, বরং গোটা আফ্রিকা এবং বিশ্বে সেই নির্বাচনের ঢেউ আছড়ে পড়েছিল। জরিপকারী প্রতিষ্ঠান ইপসোস জানায়, অনিশ্চয়তা এবং শঙ্কার কথা বিবেচনায় নিলে চারপাশে নির্বাচনের ফলকে কেন্দ্র করে যে উত্তেজনা ১৯৯৪ সালের ২৭ এপ্রিল অনুভূত হয়েছিল, একই রকম অনুভূতি দেখা যাচ্ছে ২০২৪ সালে। আগামী দিনে দক্ষিণ আফ্রিকার মানুষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের নতুন আইনসভার নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্টও নির্বাচন করবে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ধরে রাখতে চাইছেন। ॥ইপসোস জানায়, এখন এএনসির সমর্থন ৪০ দশমিক ২ শতাংশ। গত ফেব্রুয়ারি মাসে সমর্থনের হার ছিল ৪০ দশমিক ৫ শতাংশ। এরও আগে গত বছরের অক্টোবরে সমর্থনের হার ছিল ৪৩ শতাংশ।
