সুগন্ধি ধান উৎপাদনে ক্ষেতে পোকা দমনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কৃষক প্রিয় হয়ে উঠেছে ‘সেক্স ফেরোমন’ ফাঁদ পদ্ধতি। এটাই প্রথম উপজেলার বোরো ধানক্ষেতে কীটনাশক ব্যবহার না করে সেক্স ফেরোমন ট্যাপ (লিউর বা তাবিজ) বা জাদুর ফাঁদ এবং হলুদ ট্যাপ ব্যবহার করে বোরো উৎপাদন করছে উপজেলার অনেক কৃষক। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা। এই পদ্ধতি ব্যবহারে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমছে। আবার অন্যদিকে জমিতে কৃষকরা কীটনাশক ব্যবহার করছে না বলা যায়। এ উপজেলার কয়েকটি সুগন্ধি ইরি-বোরো ক্ষেতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, আগে সবজিক্ষেতে সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহার হতো। এই প্রথম পার্বতীপুর উপজেলায় সুগন্ধি ধান উৎপাদনে সেক্স ফেরোমন ও হলুদ ট্যাপ ব্যবহার করে কৃষকরা ধান উৎপাদন করছেন। সবাই যেন এই পদ্ধতি ব্যবহার করতে পারে এ জন্য মাঠপর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
‘সুগন্ধি ধান উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী’ মন্মথপুর টেকসই কৃষি উন্নয়ন গ্রুপ পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের টিকিয়াপাড়া গ্রামের কৃষক মো. জাকির হোসেন সঙ্গে কথা হয়। তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি বোরো ধান ‘ব্রি-ধান-৫০’ মৌসুম রবি ৩৩ শতক জমি নিয়ে ধান চাষে সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহার করছেন। এই জমিতে কীটনাশক ব্যবহার করা হয়নি বলে বলা যায়। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বতীপুর কৃষি অধিদপ্তরের পরামর্শে উপজেলার আরও তিনজন কৃষক জমিতে কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে সেক্স ফেরোমন ট্যাব ব্যবহার করছেন। তাদের দেখে আগামীতে অনেক কৃষক উদ্বুদ্ধ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
সেক্স ফেরোমন ও হলুদ ট্যাপ পদ্ধতিটি সম্পর্কে পার্বতীপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ জানান, সুগন্ধি বোরো ধানক্ষেতে এই পদ্ধতি ব্যবহার করায় সেখানে কীটনাশক ব্যবহার করতে হয় না বললেই চলে।
উপজেলার মন্মথপুর ইউনিয়নের ফ্যাক্টরিপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম ও ওয়াহেদ আলী বলেন, আগে তো ইরি-বোরো ধান চাষ করতে অনেক টাকা খরচ হতো। এখন এই পদ্ধতি ব্যবহার করায় কীটনাশক ব্যবহার করতে হচ্ছে তিন ভাগের এক ভাগ। যা খুবই সামান্য। ফলে আমাদের উৎপাদন খরচ অনেক টাই কমে গেছে।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, আগে সবজিক্ষেতে সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহার করা হতো। এই প্রথম উপজেলায় সুগন্ধি ধান উৎপাদনে সেক্স ফেরোমন ট্যাপ একটি নিরাপদ পদ্ধতি, যা ব্যবহার করে কৃষকরা ধান উৎপাদন করতে পারছে। আগে মাজরা পোকা দমনে ব্যবহার করা হতো কীটনাশক। এখন সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহারে পোকা নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে মাজরা পোকা মারা যাচ্ছে। এতে করে পরিবেশবান্ধব উপায়ে সুগন্ধি ধান উৎপাদন সম্ভব হচ্ছে।
