কয়েক দিন ধরে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে তেমন আলোচনা সামনে না এলেও গতকাল রবিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানোর কথা ঘোষণা করেছে। এ বিষয়ে তাদের অবস্থান আজ সোমবার মিসরীয় মধ্যস্থতাকারীদের অবহিত করবে তারা। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় ৬৬ জনকে হত্যা করল জায়নবাদী প্রশাসন। আবার ইসরায়েলি মন্ত্রিসভার এক কট্টরপন্থি সদস্য যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন।
হামাসের এক জ্যেষ্ঠ নেতা গতকাল জানান, খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিসর গেছে এবং তারা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ সোমবার সংগঠনের অবস্থান ব্যক্ত করবে।
যুদ্ধবিরতি নিয়ে মিসরের মধ্যস্থতায় বর্তমানে আলোচনা চলছে। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিসরীয় নেতৃত্বের এ নিয়ে কথা হয়েছে। এরপরই হামাসের প্রতিনিধি মিসর গেলেন। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর মিলে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা শুরু করলেও তা ফলপ্রসূ হয়নি। পরে কাতারও এ প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা জানায়। এর আগে সর্বশেষ গত বছর নভেম্বরে এক সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়েছিল। ওই সময় ৮০ ইসরায়েলি জিম্মির পাশাপাশি ২৪০ ফিলিস্তিনি বন্দি মুক্তিলাভ করেন।
একদিকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব, অন্যদিকে আগ্রাসী আক্রমণশ্ব ইসরায়েলি নৃশংসতার মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। হামাসের তরফ থেকে জানানো হয়, প্রায় সাত মাসের যুদ্ধে ইসরায়েল গাজায় ৩৪ হাজার ৪৫৪ জনকে হত্যা করেছে।
এর মধ্যে ইসরায়েল রাফাহ শহরে সেনা অভিযানের পরিকল্পনা নিয়ে এগোনোর পরিকল্পনা আঁটছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মনে করে, হামাসের সর্বশেষ দুর্গ রাফাহ শহরকে কেন্দ্র করে। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি গতকাল দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিংক্লেম্যানের সঙ্গে বৈঠকের পর জানান, গাজায় যুদ্ধ চলবে।
ইসরায়েলি অর্থমন্ত্রী কট্টর জায়নবাদী নেতা বেজালের স্মটরিচ বলেন, হামাসের অস্তিত্ব নির্মূল না করে যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিলে নেতানিয়াহুর সরকারের অস্তিত্ব রক্ষার কোনো অধিকার নেই। উল্লেখ্য, নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য এই স্মটরিচ।
ইসরায়েলের আরেক ডানপন্থি নেতা জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যাভির বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হলে নেতানিয়াহুর সরকার তার অনুসারীদের সমর্থন হারাবে। এতে বর্তমান সরকারের পতন হবে।
