গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুপক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উঁচিয়ে সশস্ত্র মহড়া দেয়। গতকাল রবিবার সকালে শ্রীপুর পৌরসভার বেরাইদেরচালা এলাকার আসওয়াদ কম্পোজিট মিলসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামদা, লোহার রড, হকিস্টিকসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ আসওয়াদ কম্পোজিট মিলসের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১৫ জন আহত হন। উপজেলা যুবলীগের সদস্য মুরসালিন মামুন ও যুবলীগের সদস্য মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের হাতে রামদার কোপ লেগেছে বলে একপক্ষ দাবি করেছে।
এলাকাবাসী জানায়, অন্তত অর্ধশত রামদা ও ছুরি নিয়ে দুপক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেয়, যা চলে দুই ঘণ্টাব্যাপী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের সামনেও চলে ধাওয়া-পাল্টাধাওয়া। একসময় পুলিশ কঠোর হয়ে ধাওয়া করলে দুপক্ষ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের দুপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। বিকেল পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল কারখানাটির সামনে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
