রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই কিশোর ডুবে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়ছে। অন্যজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধান চালাচ্ছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রেলবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসে রাজশাহীতে পদ্মায় ডুবে ১২ জন মারা গেল।
গতকাল নিখোঁজ কিশোরদের একজনের মরদেহ বেলা ৩টার দিকে উদ্ধার করা হয়। তার নাম উসমান আলী (১৩)। সে উপজেলার মহিশালবাড়ি সাগরপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। নিখোঁজ কিশোরের নাম সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। সে একই গ্রামের প্রবাসী নাসির উদ্দিনের ছেলে। দুই কিশোরই মহিশালবাড়ি আল-ইসলাহ ইসলামি একাডেমির ছাত্র ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি ইউনিটের লিডার আবদুর রাজ্জাক জানান, নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চলছে।
