চট্টগ্রামের হাটহাজারীর চিকনদ-ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ছমদিয়া ভোটকেন্দ্রে গোলাগুলি হয়েছে। এ ছাড়া কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়েন র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী রজনীগন্ধা প্রতীকের হাজি নেজাম উদ্দিন তনির ৭০-৮০ জন অনুসারী ছমদিয়া ভোটকেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় পাতা প্রতীকের প্রার্থী নুরুল আফসার সরকারের সমর্থকদের সঙ্গে তনির অনুসারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে তনির ছোট ভাই আফসারের সমর্থকদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে খবর পেয়ে ওই ভোটকেন্দ্রে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়েন পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
বিকেল ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয় জানিয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমদাদুল হক বলেন, ‘ভোটকেন্দ্র দখল করতে এসে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে গোলযোগ হলেও ভোটগ্রহণ বন্ধ হয়নি।’
এ ইউনিয়নের উপনির্বাচনে ৩ হাজার ৭৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন পাতা প্রতীকের নুরুল আফসার। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এ ফল ঘোষণা করেন।
