২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি তৈরি করে আইসিসিতে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকইনফোর এক রিপোর্টে বলা হয়েছে টুর্নামেন্টের জন্য প্রস্তাবিত সূচিতে ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি। টুর্নামেন্ট শুরুর জন্য মধ্য ফেব্রুয়ারিকে উইন্ডো হিসেবে ধরা হয়েছে।
পাঠানো সূচিতে আছে ভারতের নামও। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি পাকিস্তানে যাবে! ২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে যেয়ে খেলতে রাজি হয়নি। পরে হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। ভারতের সব ম্যাচ ও ফাইনাল হয় শ্রীলঙ্কাতে।
ক্রিকইনফো আরও জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে পাঠানো একটি প্রতিনিধি দলের পর্যবেক্ষণের পরই ভেন্যু আর সূচির বিষয়টি পিসিবি চূড়ান্ত করেছে। লাহোরে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ম্যাচের সূচি আইসিসির কাছে পাঠিয়েছি।'
তবে খসড়া সূচিই চূড়ান্ত নয়। আইসিসি সূচি চূড়ান্ত করার আগে অংশগ্রহনকারি দেশগুলোর সঙ্গে আলোচনা করবে। আইসিসির পরবর্তী সভা জুলাইতে। সেখানেই আলোচনা হতে পারে বিষয়টি নিয়ে। প্রাথমিকভাবে সব কিছু প্রস্তুত হলেও টুর্নামেন্টে ভারতের উপস্থিতির বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে।
পাকিস্তানে ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথম আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর ২০১৫ সাল পর্যন্ত কোনও দেশই পাকিস্তানে সফর করেনি।
