খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা এলাকায় অশান্তি, বাজারে অস্থিরতা ও জোর করে কেউকে ঘের করতে দেওয়া হবে না। কারণ উপজেলা নির্বাচনকে ঘিরে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। যারা বিগত সময়ের নির্বাচনে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তাদের কেউ ভোট দেবেন না। যাদের ভোট দিলে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন তাদেরই ভোট দেবেন।
আজ সোমবার সন্ধ্যায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তালুকদার আব্দুল খালেক এ সময় স্থানীয়দের উদ্দেশে বলেন, আপনাদের ভোটে যারা জিতবে আমি তাদের সঙ্গে নিয়েই এই এলাকার উন্নয়নে কাজ করব। বিগত ৩৫ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আমি সব সময় মোংলা-রামপালের মানুষকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি আবারো বলি- যারা অপশক্তি, যারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচন করতে চায় তাদের প্রত্যাখ্যান করবেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জসিম। সমাবেশে পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ফাঁকা আবাহনীকে বাঁচাতে এলেন তিন জন
বোনের বিয়েতে নাচতে নাচতে তরুণীর মৃত্যু