চট্টগ্রামের কালুরঘাট সেতুর ফেরিঘাটের বেইলি ব্রিজে কলেজে যাওয়ার পথে টেম্পো চাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্রী। তার নাম ফাতেমা তুজ জোহরা নুপুর। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নুপুর চট্টগ্রাম নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে পেছনের দিকে নেমে আসে। একই সময় ফেরিতে ওঠার জন্য কলেজছাত্রী নুপুর বেইলি ব্রিজ পার হচ্ছিলেন।
এদিকে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন, বগুড়ায় বাস উল্টে দুজন এবং মাদারীপুরে থ্রি হুইলার দুর্ঘটনায় দুজন প্রাণ হারান। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কক্সবাজারে নিহত ৫ : কক্সবাজারে ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাহারছড়ার ইলশা এলাকার আবু আহমেদ, পশ্চিম ইলশা গ্রামের মাহমুদা বেগম, খানখানাবাদের ডোংরা এলাকার সায়রা খাতুন, কুফিয়া ডোংরা এলাকার দুলা মিয়া ও একই এলাকার খদিজা বেগম।
ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বগুড়ায় ২ জন নিহত : বগুড়ায় সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় বাস উল্টে দুজন নিহত হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
মাদারীপুর ২ জন নিহত : মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর থ্রি হুইলারের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার চালক ও হেলপার নিহত হয়েছেন। তারা হলেন চালক এনামুল হোসেন (২৩) ও হেলপার আরিফ শিকদার (১৭)। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
