বৃষ্টি আইনে ভারত ১৯ রানে হারাল বাংলাদেশকে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম

দেশের বেশিরভাগ জায়গায় চলছে তীব্র তাপদাহ। তবে ব্যতিক্রম অবস্থা সিলেটে। আজ মঙ্গলবার সিলেটে বাংলাদেশ ও ভারত নারী দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দুই দফা বৃষ্টিতে বন্ধ হয়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ভারত ১৯ রানে হারিয়েছে বাংলাদেশকে।

টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের ইনিংস চলাকালে ১১ ওভার শেষে প্রথম বৃষ্টিতে্ খেলা বন্ধ হয়। পরে আবার খেলা শুরু হলে কোন ওভার কাটা হয়নি। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার মুর্শিদা খাতুন। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৫টি চার। 

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শেফালি ভার্মাকে হারায় ভারত। তাকে শূন্য রানে ফেরান মারুফা আক্তার। এরপর অবশ্য জয়ের লক্ষ্যেই এগোতে থাকে ভারত।

ভারত ৫ ওভার ২ বলে ৪৭ রান তোলার পর ফের বৃষ্টি নামে। কাটঅফ টাইম শেষ হলে বৃষ্টি আইনে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। ২৪ বলে অপরাজিত ৪১ রান করা দয়ালান হেমলতা হয়েছেন ম্যাচসেরা।

পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। ২ মে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত