কেনিয়ায় বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু

আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৫০ এএম

কেনিয়ায় আকস্মিক বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬৯ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন প্রাণ হারিয়েছেন বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এতে করে গত ১ মার্চ থেকে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬৯ জনে। এছাড়া দেশটিতে এখনও ৯১ জন নিখোঁজ রয়েছেন।

কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার কাদা ধসের ঘটনায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং এতে করে মৃতের সংখ্যা ১৬৯ জনে পৌঁছেছে।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা সারা দেশে ৬৬ জনকে হারিয়েছি এবং এর মধ্যে ৬০ জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘বন্যার কারণে ৩০ হাজার ২১৪টি কেনিয়ান পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আর জনসংখ্যার হিসেবে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার ৯৪২ জন। কেনিয়ার রাজধানীতে বাস্তুচ্যুতরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মাহামত দেশজুড়ে বিপর্যয়কর বন্যার ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবার এবং কেনিয়ার জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন।

এর আগে কেনিয়ার নাকুরু কাউন্টিতে গত সোমবার একটি বাঁধ ফেটে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়। রাজধানী নাইরোবি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত নাকুরু কাউন্টির মাই মাহিউতে ওই দুর্ঘটনাটি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত