আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিজুড়ে উল্লাস আর চিৎকার। বায়ার্ন মিউনিখ যে পেনাল্টি পেয়েছে তখন। শট নিতে এগিয়ে আসেন হ্যারি কেইন। ঠিক তখনই ইংল্যান্ডের জাতীয় দলে তার সতীর্থ রিয়াল মাদ্রিদের জ্যুড বেলিংহামকে দেখা যায় কেইনের কানের কাছে এসে কি যেন বলছেন। কিছুক্ষণ পর রেফারি এসে তাকে সরিয়ে দেন। তারপরই শট নিলেন নিলেন কেইন। ৫৭ মিনিটের করা সেই গোলটি থেকে এগিয়ে গিয়েছির বাভারিয়ানরা।
কেইন গোল পেলেও জুড বেলিংহাম রিয়ালের হয়ে গোল করতে পারেননি। কেইন পেনাল্টি নেওয়ার সময় কি তবে স্লেজিং করছিললেন বেলিংহাম! ম্যাচ শেষে কেইনের কথায় বোঝা গেল, সেরকম কিছু নয়। তবে তিনি যে শটটা বাঁ দিকে নেবেন, সেটা বুঝতে পেরে গোলকিপারকে বুঝাচ্ছিলেন বেলিংহাম।
শেষ বাঁশি বাজার পর সংবাদমাধ্যমকে কেইন বলেছেন, ‘তখন সে (বেলিংহাম) কী বলেছে, তা বুঝতে পারিনি। পরে তার সঙ্গে কথা বলার সময় জানিয়েছে, আমি বাঁ দিকে বল মারব—এই কথা বলেছে সে আমাকে। আর সে এটা গোলকিপারকে বোঝানোর চেষ্টা করছিল। তবে মাঠে সে আমাকে কী বলেছে, তা বুঝিনি। পাশেই ছিল, কিন্তু কী বলেছে, সেটা জানি না।’
পেনাল্টি শটটি বাঁ দিকেই নিয়েছিলেন কেইন। রিয়াল মাদ্রিদ গোলকিপার লুনিন ঝাঁপ দিয়েছিলেন ডান দিকে। কেইন এ নিয়ে বলেছেন, ‘গোলকিপার একটু আগে ঝাঁপ দিয়েছে, এটা দেখেই বলে শটটা নিয়েছি। অবশ্যই ভালো একটি পেনাল্টি ছিল।’
কেইন জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করতেই তিনি বায়ার্নে যোগ দিয়েছেন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার ক্যারিয়ারে এখনো দলীয় শিরোপা জিততে পারেননি। আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ জিতে ওয়েম্বলিতে খেলতে চান ফাইনাল।
