কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে দুই লবণ চাষীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের ছড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার জমিরের ছেলে দিদারুল ইসলাম (৩৫) ও রাজাখালী ইউনিয়নের ছড়ি পাড়া এলাকার জামালের ছেলে মোঃ আরমান (২৫)। তাদের দুইজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, মগনামার কোদাইল্যাদিয়া গ্রামে আজ ভোরে দিদার লবণমাঠ কাজ করতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দিদারুলের মৃত্যু হয়।
রাজাখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার জানান, গতকাল রাতে প্রচুর বজ্রপাত হয়। ভোরেও বজ্রপাত অব্যাহত থাকে। রাতের বৃষ্টিতে লবণমাঠ ক্ষতিগ্রস্ত হলে চাষী আরমান কাজ করতে মাঠে যায়। ওই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে বজ্রপাতে নিহত দুই লবণ চাষীর পরিবারে শোকের মাতম চলছে।
