গেল ঈদে মুক্তির মিছিলে জমা পড়ে প্রায় ১৬/১৭টি সিনেমা, যা নিয়ে চিত্রপাড়া কিংবা হল পরিচালকদের মধ্যে শুরু হয় হইচই ও দোটানা। পর্যাপ্ত হল না থাকায় শেষ পর্যন্ত কিছু সিনেমা পিছিয়ে মুক্তি পায় ১১টি সিনেমা। সেটাও রীতিমতো রেকর্ড। এর আগে দেশে একসঙ্গে এত সিনেমা কখনো মুক্তি পায়নি।
এরই মধ্যে ঈদের পর কেটে গেছে তিন সপ্তাহ। এ সময়ের মধ্যে নতুন কোনো দেশি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। অবশেষে ঈদের চতুর্থ সপ্তাহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’। অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’।
শ্যামা কাব্য ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে ছবিটি।
সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ। ডেডবডি সিনেমাটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সব কটি সিনেপ্লেক্সেও। জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। ওমর সানি ছাড়া রয়েছেন শ্যামল মাওলা। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।
