চালকলে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:৫৪ পিএম

চালকলের বয়লার বিস্ফোরণে সিরাজগঞ্জের কামারখন্দে ফজল আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ মে) সকালে উপজেলার জামতৈল পশ্চিম পাড়া এলাকার ‘মেসার্স আজাহার আলী’ চালকলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।

নিহত ফজল আলী জামতৈল পশ্চিম পাড়া গ্রামের রবিয়াল হোসেনের ছেলে। আহতরা হলেন, জামতৈল পশ্চিম পাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল শেখ (২৬) ও কর্ণসূতি পশ্চিম পাড়ার মৃত সুরুত মন্ডলের ছেলে জিন্নাহ মন্ডল (৩০)।

নিহত ফজলের ভাই আসলাম হোসেন জানান, মেসার্স আজাহার চালকলে ধান সিদ্ধ করার এক পর্যায়ে বয়লার বিস্ফোরণে ফজল গুরুতর আহত হয়। প্রথমে তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চালকলের স্বত্বাধিকারী আজাহার আলী বলেন, ‘কয়েক দিন আগে বয়লারের পাইপ পরিবর্তন করা হয়েছে। বয়লার কেন বিস্ফোরণ হলো বুঝতে পারছি না।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক ইমরুল কায়েস বলেন, ‘মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের খবর পেয়েছি। বয়লারের বিষয়টি পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর দেখে। তাই এ বিষয়ে আমারা কিছু বলতে পারবো না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, ‘মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত