পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে যান চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ির দুই কিলোমিটার এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার সকাল থেকে কোনো যানবাহন বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি যাতায়াত করতে পারেনি। সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী সকাল ৬টা থেকে মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের একটি বড় অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা ভারী যন্ত্রপাতি ও বুলডোজারের সাহায্যে সড়ক থেকে মাটি সরিয়ে নেন।
যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার।
