বিলুপ্তপ্রায় খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাড়িয়া ভাষা জানা দুই নারীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ আহ্বান জানান তিনি। এর আগে প্রধান বিচারপতি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের গেস্ট হাউজে খাড়িয়া ভাষা জানা সত্তরোর্ধ্ব দুই নারী (শুধু তারাই ভাষাটি জানেন) খ্রিস্টিনা কেরকাটা ও ভেরোনিকা কেরকাটার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।
পরে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘আজ বাংলাদেশে বিলুপ্ত প্রায় খাড়িয়া ভাষাভাষী দুই নারীর সঙ্গে কথা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাদের ভাষা টিকিয়ে রাখতে হলে সরকারের আরও উদ্যোগ নিতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব এবং কথা বলব যেন তারা আরও বেশি উদ্যোগ নিতে পারে ভাষাগুলো রক্ষার জন্য। প্রয়োজনে ভারতে যেখানে তাদের ভাষাভাষী মানুষ আছে, সেখান থেকে বর্ণমালা সংগ্রহ করা যেতে পারে।’
