কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার অভিযোগে তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, গত শুক্রবার করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণব্রার (২২) নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আরসিএমপি সুপারিন্টেনডেন্ট মানদীপ মুকার বলেন, ভারত সরকারের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তদন্ত করে দেখছি। তিনি জানান, তারা তিনজনই তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করছেন। তারা আলবার্টার এডমনটন এলাকায় বসবাস করতেন। তাদের বিরুদ্ধে বেআইনি হত্যা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের জুনে কানাডার ভ্যাংকুভারের শহরতলির একটি কার পার্কে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে ৪৫ বছর বয়সী হরদীপ নিহত হন। ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে স্বাধীন শিখরাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন তিনি। ভারতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনে নয়াদিল্লি। অন্যদিকে তাকে হত্যায় ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ বেড়ে যায়। গত সপ্তাহে হোয়াইট হাউজ কানাডা ও যুক্তরাষ্ট্রে গুপ্তহত্যার ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উদ্বেগ জানায়। কানাডিয়ান পুলিশ বলেছে, তারা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য অটোয়ার ভারতীয় মিশন সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
আরসিএমপির সহকারী কমিশনার ডেভিড টেবুল বলেন, আমরা জানি এই হত্যাকাণ্ডে অন্যরা ভূমিকা পালন করে থাকতে পারে এবং আমরা ওই ব্যক্তিদের প্রত্যেককে খুঁজে বের করতে এবং গ্রেপ্তারের চেষ্টা করছি।
