কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ নূর কামাল (২৯) নামের এক রোহিঙ্গা যুবককে গলা কেটে খুন করেছে দুষ্কৃতিকারীরা।
রোববার সকাল পৌনে ৬ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকের নূর সালামের ছেলে।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, সকালে ঘুম থেকে জেগে নূর কামাল ক্যাম্পে নিজের এলাকায় স্থানীয় কয়েকজনের সাথে হাটাহাটি করছিলেন। এক পর্যায়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র ১০/১৫ জন দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে জবাই করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
