তালতলীতে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

আপডেট : ০৫ মে ২০২৪, ০৭:৫৭ পিএম

বরগুনার তালতলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নিয়মের বাইরে গিয়ে বাধ্যতামূলকে এই টাকা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এদিকে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

জানা গেছে , ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান শাখায় ২ হাজার ৬৮০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যুক্ত হবে। কিন্তু তালতলী সরকারী কলেজে কর্তৃপক্ষ বিজ্ঞান শাখায় ৩ হাজার ১০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে। 

এদিকে ব্যবসায় ও মানবিক বিভাগে যাদের দুই বিষয়ে ব্যবহারিক আছে তাদের ২ হাজার ৪০০ টাকা ও এক বিষয়ের ব্যবহারিক ২ হাজার ২৬০ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও সেই নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে । তবে অতিরিক্ত টাকা কোথায় ব্যয় হয় সেই ব্যাখা জানিয়েছে কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীদের থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা শিক্ষক কল্যাণ ফান্ডে ১০০, উন্নয়ন ফান্ডে ১০০, মসজিদ ফান্ডে ১০০ ও ফরমের জন্য ১০০। বাকি টাকা কোথায় খরচ হয় তার হিসেব দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এ বছর এই কলেজ থেকে ২৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। 

শিক্ষার্থী ও অভিবাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরম ফিলাপে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করছে। আমরা ঋণ করে ছেলে-মেয়েদের ফরম ফিলাপের টাকা দিয়েছি। কেন অতিরিক্ত টাকা নেয়া হয়েছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ফরম ফিলাপ কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক আ. রহমান বলেন, শিক্ষার্থীদের থেকে সরাসরি টাকা নিয়ে ফরম ফিলাপ করা হচ্ছে। পরে আমরা তাদের টাকা ব্যাংকে জমা দিয়ে রশিদ দিয়ে দিবো।
 
তালতলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র নাথ হাওলাদার বলেন, ফরম ফিলাপে শিক্ষার্থী প্রতি ২ হাজার ৮০০ টাকা নেওয়া হচ্ছে। নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা বিবিধ খরচ বাবদ নেয়া হচ্ছে। অন্য কলেজে ৫ হাজার টাকা নেয়, আমরা তা করিনা। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুপমা বলেন, নির্ধারিত টাকার বাহিরে অতিরিক্ত কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত