৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৮ মে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই দুই উপজেলার জনসাধারণের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও উত্তেজনা। আর এ নিয়ে এলাকার জনমনে দেখা দিয়েছে শঙ্কা। জনসাধারণের কাছে ভোট প্রার্থনার চেয়ে এমপির আশীর্বাদপুষ্ট প্রার্থীদের হামলা-মামলা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন কিছু প্রার্থী।
কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭জন। স্থানীয় সাংসদ মোশতাক আহমেদ রুহীর আশীর্বাদপুষ্ট আব্দুল কুদ্দুছ দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর লোকজনের দ্বারা ঘোড়া প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা হামলা-মামলার শিকার হয়েছেন। এ নিয়ে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগসহ সংবাদ সম্মেলন পর্যন্তও হয়েছে। এর প্রতিকার চেয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলনও করেছেন তিনি। কই মাছ প্রতীকের প্রার্থী রফিকুজ্জামান খোকন প্রতিপক্ষের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
অপরদিকে, দুর্গাপুর উপজেলার চিত্র আরও ভয়বাহ। ওই উপজেলা নির্বাচনে ৭জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বী সাবেক তিনবারের আ.লীগের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের ভাগ্নে নাজমুল নীরা সাদ্দাম আকুঞ্জি। উপজেলা পরিষদের তিনি ছিলেন ভাইস চেয়ারম্যান ও তার মামাতো বোন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সাদ্দাম আকুঞ্জি তার বোনের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন। এ থেকে বৈরিতার মূল সূত্রপাত।
দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটের মাঠ উত্তপ্ত হলেও উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে প্রার্থীদের পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণা। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ ও পথসভা। প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) হারুন-অর-রশিদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব প্রস্তুতি রয়েছে। ভোটে অনৈতিক প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। জেলা নির্বাচন কর্মকর্তা মোলাম মোস্তফা বলেন, আমরা প্রার্থীদের নিয়ে মিটিং করেছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব প্রস্তুতি রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করেছি।
উল্লেখ্য, আগামী ৮ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। দুর্গাপুরে ৬১টি কেন্দ্রে ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটার রয়েছেন। কলমাকান্দার ৬৩টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
