জেরুজালেমে আল-জাজিরা কার্যালয়ে ইসরায়েলের অভিযান

  • ইসরায়েলের এমন কার্যকলাপকে "অপরাধমূলক পদক্ষেপ" বলছে আল জাজিরা
  • ইসরায়েলের এমন কর্মকান্ডে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আল জাজিরা
আপডেট : ০৬ মে ২০২৪, ১১:০২ এএম

ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ ও সরঞ্জাম জব্দের পর এবার দেশটির রাজধানী জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় গতকাল রোববার জেরুজালেমের একটি হোটেল কক্ষে তল্লাশি চালায় দেশটির কর্তৃপক্ষ। ওই কক্ষটি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল।

ইসরায়েলি কর্তৃপক্ষ ও আল-জাজিরার সূত্র রয়টার্সকে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থাটি।

পরে তল্লাশির ঘটনার ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে সাদাপোশাকে ইসরায়েলি কর্মকর্তারা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলছেন। আল-জাজিরার সূত্র জানিয়েছে, পূর্ব জেরুজালেমে তাদের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ইসরায়েলের এমন কার্যকলাপকে "অপরাধমূলক পদক্ষেপ" বলছে আল জাজিরা। এছাড়া টিভি চ্যানেলটি ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি এমন অভিযোগকে ‘বিপজ্জনক’ ও ‘হাস্যকর মিথ্যাচার’ বলা হয়েছে।

আল-জাজিরা বলছে, এমন অভিযোগ তাদের সাংবাদিকদের ঝুঁকিতে ফেলেছে। এ পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের শুরু থেকেই আল জাজিরা ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার সমালোচনা করেছে। এছাড়া গণমাধ্যমটি পুরো যুদ্ধজুড়ে সংবাদ তুলে ধরেছে।

গতকাল রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল-জাজিরার স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আল-জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি।

এর পরপরই ইসরায়েলে আল জাজিরার কার্যালয়ে অভিযান ও সরঞ্জাম জব্দ করে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে ইসরায়েলের আল জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে প্রেস ফ্রিডম গ্রুপগুলো।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডসন আল জাজিরাকে বলেন, ‘এটি একটি বিপরীতমুখী এবং হাস্যকর সিদ্ধান্ত।‘

তিনি আরও বলেন, "গণমাধ্যম বন্ধ করা, টিভি চ্যানেল স্টেশন বন্ধ করা একধরনের কাজ যা স্বৈরাচারীরা করে।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত