টানা ব্যর্থতার বৃত্তে বন্দী লিভারপুল। ইয়র্গেন ক্লপের শিষ্যরা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ থেকে ছিটকে গিয়েছিল। বেঁচেছিল প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বপ্ন। সেটাও আর রইল না। তবে শেষ চারে থাকা নিশ্চিত হয়েছে আগেই। কাল তাই যেন নির্ভার হয়েই খেলতে পেরেছেন মোহাম্মদ সালাহরা।
অ্যানফিল্ডে গতকাল টটেনহামকে ৪–২ গোলে হারিয়েছে ক্লপের দল। এমন নয় যে এই জয়ে সিটি আর আর্সেনালের সঙ্গে আবার শিরোপা লড়াইয়ে ফিরেছে লিভারপুল। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৮। আর এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।
দুর্দান্ত এই জয়ের পর ক্লপ এটাকে দেখছেন লিভারপুলের এ মৌসুমের পারফরম্যান্সের প্রতিচ্ছবি হিসেবে!
ম্যাচ শেষের পর সংবাদ সম্মেলনে লিভারপুলের জার্মান কোচ ক্লপ বলেছেন, ‘এটা কিছুটা হলেও মৌসুমের প্রতিচ্ছবি। সত্যি, সত্যি বাজে অবস্থা হয়ে যাওয়ার আগপর্যন্ত আমরা খুবই ভালো খেলেছি। এখন আবার আমরা ঠিক আছি।’
ক্লপের দলকে আবার ঠিক অবস্থায় নিয়ে আসতে মোহাম্মদ সালাহ কাল ভূমিকা রেখেছেন গোল করে এবং গোল করিয়ে। ওয়েস্ট হামের সঙ্গে ২–২ গোলে ড্র করা ম্যাচে সালাহকে বদলি হিসেবে মাঠে নামিয়েছিলেন ক্লপ। মাঠে নামার সময় ডাগআউটে ক্লপের সঙ্গে কথার লড়াইও হয়েছিল সালাহর। এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু কাল টটেনহামের বিপক্ষে সালাহকে শুরুর একাদশেই রাখেন ক্লপ।
শুরুর একাদশে ফিরেই নিজের ঝলক দেখান সালাহ। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন তিনিই। ৫৯ মিনিটে হার্ভি এলিয়টের গোলটিতে ছিল তার অবদান। এলিয়টের গোলটি ছিল লিভারপুলের চতুর্থ। এর আগে ৪৫ ও ৫০ মিনিটে গোল করেন অ্যান্ডি রবার্টসন আর কোডি গাকপো।
সব মিলিয়ে ৫৯ মিনিটের মধ্যে ৪–০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচ মূলত সেখানেই শেষ হয়ে যায়। ৭২ ও ৭৭ মিনিটে রিচার্লিসন আর সন হিউং–মিনের গোলে শুধু ব্যবধানই কমাতে পারে টটেনহাম।
