পাকিস্তানে ১৯৬১ সালের পর গেল এপ্রিল মাসে বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে। সচরাচর এপ্রিলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, এবার তার দ্বিগুণেরও বেশি বৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের মাসিক জলবায়ু প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে দেশটিতে ৫৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এ মাসের গড় বৃষ্টিপাত ২২ দশমিক ৫ মিলিমিটারের চেয়ে ‘অনেক বেশি’।
১৯৬১ সালের পর এবার এপ্রিলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসময়ে বজ্রপাত ও বন্যায় ঘরবাড়ি ধসে কমপক্ষে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। অস্বাভাবিক আবহাওয়ার কারণে পাকিস্তান ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। বর্ষা মৌসুমে বিধ্বংসী বন্যার শিকার হচ্ছে দেশটি। পাকিস্তানে সাধারণত জুলাই মাসে বর্ষা মৌসুম শুরু হয়।
