শুক্রবার নয়াপল্টনে সমাবেশের ডাক বিএনপির

আপডেট : ০৭ মে ২০২৪, ০৬:৩৪ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। সেদিন বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্ব) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

এর আগে গত ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। তবে পরে চলমান তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে ওই সমাবেশ কর্মসূচি স্থগিত করার কথা জানায় বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত