বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বার বার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে ১২০০ থেকে ১৮০০ গুণ বেড়েছে।
তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল বুধবার যে ১৪১টি উপজেলায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সে নির্বাচনে যাবে না।
আজ মঙ্গলবার (৭ মে) সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমিন, জান্নাত চৌধুরী, পাপিয়া সরদার, সুমি আক্তার, নাজমা, আছিয়া, ময়না, আসমা, ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
