আরও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (০৭ মে) স্থানীয় সময় দুপুরে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি।
পুতিনের এই অভিষেকে তৈরি হয়েছে নতুন ইতিহাস ও রেকর্ড। এই শতাব্দীর শুরু থেকেই রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭.২৮% শতাংশ ভোট পেয়ে জয়ী হন পুতিন।
রাশিয়ার সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথ অনুষ্ঠান সম্প্রচার করেছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। মস্কোয় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে দেখা যায়নি। তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর ‘অন্যায়’ অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শপথ নিয়ে প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া সংলাপের জন্য উন্মুক্ত। কীভাবে এগিয়ে যেতে হবে সে সিদ্ধান্ত নেওয়া অন্য পক্ষের ওপর নির্ভর করছে। এছাড়াও তিনি নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত সরকারকে কাজ চালিয়ে যেতে বলেছেন।
