প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা বলছে, রাশিয়ার এ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) বলেছে, এ দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য। তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন, যারা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবেন।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এ অভিযোগের বিষয়ে রাশিয়ার বক্তব্য এখনো পাওয়া যায়নি। এর আগে অবশ্য একই অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়। সে সময়ও কিয়েভ ক্রেমলিনের ওপর দোষ চাপায়।
