মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য শাজাহান খান তার ছেলে আসিবুর রহমান খানের পক্ষে প্রচারে অংশ নেওয়ার পর তাকে সতর্ক করে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের নির্বাচন কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার একটি চিঠি ইস্যু করে মাদারীপুর জেলা নির্বাচন অফিস। রবিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাদারীপুরের নতুন শহরে শাজাহান খানের বাড়িতে ওই চিঠি পাঠানো হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশিত হয়।
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। ইতিমধ্যেই শাজাহান খানের বিরুদ্ধে অভিযোগ তিনি ছেলের পক্ষ হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন। গত ১০ দিন ধরে তিনি নির্বাচনী এলাকায় অবস্থান করে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের নামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছেলের পক্ষে কৌশলে ও গোপনে প্রচারণার কাজ করছেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান, শাজাহান খান যেন এলাকায় প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করেন সেই কারণে চিঠি দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের উপজেলা রিটার্নিং কর্মকর্তা নান্নী খান জানান, অন্য কোনো কারণে নয়, সংসদ সদস্য শাজাহান খান যেন এলাকায় প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করেন, সেই কারণে চিঠি দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আসিবুর রহমান খান এবার প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
