গাজায় ইসরায়েলি সহিংসতার ছবি-সংবাদ প্রকাশ করে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স ও নিউইয়র্ক টাইমস। আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। গত ৭ অক্টোবরের ইসরায়েলের দক্ষিণাঞ্চলের হামাসের অতর্কিত হামলা ও ‘ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বাত্মক ও সহিংস প্রক্রিয়া’র কভারেজের জন্য সংবাদমাধ্যমটি এই পুরস্কার পেয়েছে। আর হামাসের হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়ার ছবি প্রকাশের জন্য ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজা প্রসঙ্গে রয়টার্সের ছবি প্রকাশের ধরনকে পুলিৎজার কমিটি ‘খাঁটি ও জরুরি’ হিসেবে আখ্যায়িত করে এই খেতাব দেয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর পুরস্কার ঘোষণা করে। এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় গত সোমবার।
সিএনএন বলছে, এবারের পুলিৎজারে ‘গাজা যুদ্ধের সংবাদ সরবরাহকারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মী’দের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। কমিটি জানায়, ‘এই যুদ্ধ কবি ও লেখকদের জীবন কেড়ে নিয়েছে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, শিল্প ও লেখনীর প্রতি সম্মান জানায়। (এই যুদ্ধে) মানবিক অভিজ্ঞতার অমূল্য নিদর্শন হারিয়েছি, যার জন্য আমরা শোক প্রকাশ করছি।’
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই খেতাব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশ ডেকে আনার কারণে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন চরম বিতর্কের মুখে পড়েছে।
পুলিৎজারের নন-ফিকশন ক্যাটাগরিতে নাথান থ্রালের বই ‘অ্যা ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা : অ্যানাটমি অব অ্যা জেরুসালেম ট্র্যাজেডি’ পুরস্কার পায়। বইটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। অধীকৃত পশ্চিম তীরের বাসিন্দা ও একজন ফিলিস্তিনি পিতা আবেদ সালামার জীবনের একটি দিন নিয়ে বইটি লেখা। এই ফিলিস্তিনি পিতার পাঁচ বছর বয়সী সন্তান স্কুল বাস দুর্ঘটনায় নিহত হয়। নিরাপত্তা নীতিমালার জটিলতায় ইসরায়েলি ও ফিলিস্তিনি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।
যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও পুরস্কৃত করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।
ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ওয়াশিংটন পোস্টও। যুক্তরাষ্ট্রের এআর-১৫ রাইফেল এবং দেশটিতে বিভিন্ন বন্দুক হামলায় এই অস্ত্রের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদমাধ্যমটি। এ ছাড়া ‘এডিটোরিয়াল রাইটিং’ (সম্পাদকীয়) ও ‘কমেন্টারি’ (মতামত) বিভাগেও পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট।
নিউইয়র্ক টাইমস যে তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে, সেগুলো হলোইনভেস্টিগেটিভ রিপোর্টিং (অনুসন্ধানী প্রতিবেদন), ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) ও ফিচার রাইটিং।
পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে। এ বছর এই অ্যাওয়ার্ড নিজেদের দখলে রেখেছে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা প্রোপাবলিকা। আর ‘ব্রেকিং নিউজ’ বিভাগে এবার পুলিৎজার পেয়েছে লুকআউট সান্তা ক্লজ নামের একটি নিউজ পোর্টাল।
এবারের পুলিৎজারে অভিবাসীদের নিয়ে ছবি প্রকাশ করে ‘ফিচার ফটোগ্রাফি’ বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ‘এক্সপ্ল্যানেটরি রিপোর্টিং’ (বিশদ ব্যাখ্যামূলক প্রতিবেদন) ও ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে পুরস্কার জিতেছেন দ্য নিউইয়র্কারের সাংবাদিকেরা। আর ‘ক্রিটিসিজম’ (সমালোচনা) বিভাগে পুরস্কার নিজেদের করে নিয়েছে দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস।
