প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে। গতকাল বুধবার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি বলেন, সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, যে কটি ঘটনা ঘটেছে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৪টি ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। ৩৭ জনকে আটক করা হয়েছে। কত শতাংশ ভোট পড়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, ৩০ থেকে ৪০ শতাংশের মাঝামাঝি হতে পারে। এর একটি কারণ হতে পারে বর্ষা আবার ধান কাটার মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি। আমাদের বলা হয়েছে অনেকে ধান কাটার কারণে ভোট দিতে আসেনি। কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে, এটা একটা বড় কারণ হতে পারে।’
ভোটের হার আগের তুলনায় কেন কম? এমন প্রশ্নের জবাব এড়িয়ে সিইসি বলেন, ‘ভোটার বেশি এলে আরও বেশি ভালো হতো। কিন্তু আমরা গণনা করি কে বেশি ভোট পেয়েছেন। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কি না, ভোটাররা আসতে পেরেছেন কি না, ভোট দিতে পেরেছেন কি না, কোথাও কোনো অনিয়ম হলো কি না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’
