সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

কোয়াত্রার সফরে সীমান্ত হত্যার প্রসঙ্গ তোলা হবে

আপডেট : ০৯ মে ২০২৪, ০৬:২৫ এএম

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফরে সীমান্তে হত্যার প্রসঙ্গ তোলা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ১৪ মে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের কথাও জানান মন্ত্রী।

এর আগে সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সীমান্তে হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বিষয়টি তোলা হবে।’

দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তিনি ঢাকায় আসার এক দিন আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল (মঙ্গলবার) যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। দুই দেশে এটি যাতে না হয়, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী, দুপক্ষে যারা আছেন, তারা যেন কোনো ক্ষেত্রে এমন বলপ্রয়োগ না করে, প্রাণহানি না ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি।’

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় কী প্রাধান্য পাবে এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে নানা বিষয় আছে। স্বাভাবিকভাবে নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’

১৪ মে রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ-আলোচনা করার জন্য ডোনাল্ড লু ঢাকা সফরে আসছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্য বিষয়গুলোও নিশ্চয়ই আলোচনায় আসবে।

এ সময় ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের দমন প্রসঙ্গে ড. হাছান বলেছেন, ‘আমাদের দেশে হিরো আলমকে ঘুসি দিলে বিবৃতি দেওয়া হয়। আবার চরমোনাইয়ের ভাইকে ঘুসি মারলেও বিবৃতি দেয়। এখন যে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলা করা হলো, এ নিয়ে তাদের (যুক্তরাষ্ট্র) বক্তব্য কী, সেটা জানার প্রবল আগ্রহ আমার।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই চমৎকার। আশা করছি, ভবিষ্যতের দিনগুলোতেও আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত