হোসেলুর স্বপ্নও 'এত মধুর' হয় না

আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:২৯ পিএম

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ বুধবার উপহার দিয়েছে আরেকটি জাদুকরী রাত। যার নায়ক হোসেলু। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার জোড়া গোলেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট কেটেছে রিয়াল। 

অথচ ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ মাঠে নেমেছিলেন খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে। তিন মিনিটের মধ্যে করেছেন দুই গোল। স্পেনের হয়ে ফুটবল খেললেও হোসেলুর জন্মস্থান জার্মানির স্টুটগার্ট। হোসেলুর বাবা-মা স্পেনে আসার আগে চার বছর স্কুল জীবনও কাটিয়েছেন জার্মানিতে।

ম্যাচ শেষে হোসেলু বলেন, 'এই রাত স্বপ্ন পূরণের। ফরোয়ার্ড হিসেবে আপনি এমনটি স্বপ্ন দেখবেন, চাইবেন গোল করতে। যা হয়ে গেলো...আমার স্বপ্নও এত মধুর হয় না।'

সাবেক স্টোক সিটি ও নিউক্যাসল ইউনাইটেড স্ট্রাইকার হোসেলু রিয়াল মাদ্রিদে খেলছেন ধারে। এই মৌসুমে তিনি ধারে রিয়ালে খেলতে এসেছেন দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া এস্পানিওল থেকে।

অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে এক মৌসুম রিয়াল মাদ্রিদে খেলেছিলেন হোসেলু। তবে মূল দলে খুব একটা সুযোগ পাননি। তার আগে তিন বছর ছিলেন রিয়ালের 'বি' দলে।

এই মৌসুমেও কোচ কার্লো আনচেলত্তি শুরুর একাদশের চেয়ে বদলি হিসেবেই হোসেলুকে খেলিয়েছেন বেশি। তবে সব মিলিয়ে এই মৌসুমে ৪৬ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি।

নিজেকে নায়ক ভাবছেন কিনা এমন প্রশ্নে তার উত্তর হোসেলু বলেন, 'আমি আসলে নায়কের বিষয়ে জানি না, এটুকু বলতে পারি অনেক নায়কদের একজন। আমি অনেক খুশি... এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য।'

ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ফিরে এসে জয় পাওয়া নিয়ে হোসেলু বলেন, 'মাদ্রিদে যখন সমতা থাকে, সমর্থকরা বলতে থাকে জয়ের জন্য লড়াই করো। যখন ১-১ সমতা হলো আমরা জানতাম সুযোগ আসবে। এটাই রিয়াল মাদ্রিদের মানসিকতা। আর সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। সমর্থকদের ১০ এর ভেতর ১৫ দিতে হবে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত