এবার ১৭ গোল হজম জামালপুর কাচারিপাড়ার

আপডেট : ০৯ মে ২০২৪, ০৯:২৮ পিএম

মেয়েদের ফুটবল লিগে জামালপুর কাচারিপাড়া ক্লাব সবচেয়ে দুর্বল দল। নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ১৯–০ গোলে হেরেছিল তারা। সেই দলটি এবার ১৭–০ গোলে হেরেছে লিগের আরেক শক্তিশালী দল আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টস ক্লাবের কাছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যায় গোল–উৎসবে মেতেছিলেন তহুরা খাতুন, মোসাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দরা।

আতাউর রহমান ভূঁইয়া দলের অধিনায়ক তহুরা একাই করেছেন ৭ গোল। ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবলের সেরা খেলোয়াড় সাগরিকা ৪ গোল, মার্চে নেপালে সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবলে শিরোপাজয়ী বাংলাদেশ দলের সুরভী আকন্দ করেছেন জোড়া গোল। একটি করে গোল স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও মুনকি আক্তারের।

আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজের লিগের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ম্যাচেই নবাগত আর্মি স্পোর্টস ক্লাবের কাছে হেরে গিয়েছিল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচটা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে ৬–০ গোলে।

আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টস ক্লাবের পয়েন্ট তিন ম্যাচে ছয়। কাচারিপাড়া তিন ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত