রাফায় ‘বড় আকারের’ অভিযান হলে কী ব্যবস্থা, জানাল হোয়াইট হাউস

আপডেট : ০৯ মে ২০২৪, ১১:১০ পিএম

দক্ষিণ গাজার রাফা শহরে ‘বড় আকারের’ অভিযান চালিয়ে হামাসকে পরাজিত করতে পারবে না ইসরায়েল। বৃহস্পতিবার  (৯ মে) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বড় আকারের স্থল আগ্রাসনের চেয়ে ‘গাজায় হামাসের অবশিষ্ট অবস্থা’ অনুসরণ করার আরও ভালো উপায় থাকতে পারে। এ সময় রাফায় বড় আকারের অভিযান চালালে আরও মার্কিন অস্ত্র আটকে দেওয়ার কথা জানান তিনি।

সম্প্রতি ইসরায়েলে হাজার হাজার বোমার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে যে তারা ভবিষ্যতে ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিষয়ে পর্যালোচনা করছে।

এ বিষয়ে জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্রের চালান আটকে রেখেছে তা ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা সীমাবদ্ধ করছে না। সবাই অস্ত্রের চালান বন্ধ করার কথা বলছে, কিন্তু অস্ত্রের চালান এখনো ইসরায়েলে যাচ্ছে। 

জন কিরবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি রাফায় ‘বড় আকারের’ অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে কী ধরনের সমর্থন দেবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করি তারা রাফায় যা করতে চাচ্ছে তা সীমিত আকারে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত