সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নিদহ ও বাঘাবাড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
নিহতরা হলেন-টেটিয়ারকান্দা গ্রামের সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ি গ্রামে মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার কওর শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নিদহ এলাকায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও অটোভ্যান চালক আহত হয়।
এদিকে একই মহাসড়কের বাঘাবাড়ি গ্যাস অফিসের সামনে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী আরশেদ প্রামণিক ঘটনাস্থলেই নিহত হন। শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ এ ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।
