ভোটের প্রচারে কেজরিওয়াল মোদিকে খোঁচা

আপডেট : ১২ মে ২০২৪, ০৫:৫৫ এএম

প্রচারের জন্য জামিনে ছাড়া পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, শুধু বিরোধী দলের নেতাদেরই নন, আবার ক্ষমতায় এলে নরেন্দ্র মোদি তার দলের অনেক নেতার রাজনৈতিক জীবনই শেষ করে দেবেন। তিহার জেল থেকে ছাড়া পেয়ে গতকাল শনিবার দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে দেওয়ার ভাষণে এমন দাবি করলেন তিনি। কেজরিওয়ালের ভাষ্য, মোদির লক্ষ্য এক দেশ, এক নেতা নীতি নিশ্চিত করা।

গত শুক্রবার শর্তাধীন জামিন পাওয়ার পর গতকাল সকাল থেকেই কেজরিওয়াল তার রাজনৈতিক প্রচার শুরু করেন। সকালে কনট প্লেস এলাকায় এক প্রাচীন মন্দিরে পূজা দেওয়ার পর তিনি দলীয় দপ্তরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

বিরোধী নেতাদের সাবধান করে দিয়ে কেজরিওয়াল সেখানে বলেন, মোদি বিরোধীদের শেষ করে দিতে চাইছেন। আমাদের মন্ত্রীদের জেলে ঢুকিয়েছেন।

ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলবন্দি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রীদের আটক করেছেন। বিজেপি আবার জিতলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকের এম কে স্ট্যালিন, আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিএমের পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেসহ বিরোধী নেতাদেরও জেলে পুরবেন। ওদের ছকটা এই রকম, প্রথমে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকাও, তারপর সরকার ফেলে দাও।

মোদি আপের মতো দলকে একেবারে শেষ করে দিতে চাইছে, দাবি করে কেজরিওয়াল বলেন, আমাদের দলটা ছোট। মাত্র দুটি রাজ্যে ক্ষমতায়। কিন্তু এই ছোট্ট দলকেও ছেড়ে দিতে মোদি চেষ্টার ত্রুটি রাখছেন না। চার-চারজন নেতাকে তিনি জেলে পাঠিয়েছেন। আমাকে গ্রেপ্তার করে এই বার্তা দিতে চেয়েছে, যে তারা কাউকে ছাড় দেবে না। যেকোনো নেতাকে গ্রেপ্তার করতে পারে। এটাই বিজেপির লক্ষ্য। তারা এক দেশ এক ভোটের মতো এক দেশ, এক নেতা নীতি নিশ্চিত করতে চাইছে।

৭৫ বছরে আম আদমির মতো অন্য কোনো দলকে এভাবে হয়রানি করা হয়নি উল্লেখ করে কেজরিওয়াল বলেন, কিন্তু আমাদের শেষ করা যাবে না। আম আদমি পার্টি একটা দল নয়, এটা একটা ধারণা। একটা বিশ্বাস। যত আক্রমণ শানানো হবে, তত এই দলের প্রসার হবে।

নরেন্দ্র মোদিকে স্বৈরতন্ত্রী আখ্যা দিয়ে কেজরিওয়াল বলেন, যখনই কোনো স্বৈরতন্ত্রী মাথাচাড়া দিয়েছেন, দেশের মানুষ তাকে উৎখাত করেছেন। আজ আরও এক স্বৈরাচারী গণতন্ত্র ধ্বংস করতে উদ্যত। আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমি একা কিছু করতে পারব না। তাই দেশের ১৪০ কোটি জনতার সমর্থন ভিক্ষা করছি এই স্বৈরাচারীর হাত থেকে দেশকে বাঁচাতে।

তিনি বলেন, গত ২০ ঘণ্টায় বহু বিশেষজ্ঞ বলেছেন, বিজেপি এবার ক্ষমতায় আসছে না। কেন্দ্রে নতুন যে সরকার গঠিত হবে আম আদমি পার্টি তাতে শামিল হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত