আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অনশনে ৩৫ প্রত্যাশীরা

আপডেট : ১২ মে ২০২৪, ০২:২৯ পিএম

পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করাকালে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ১২ জন শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দিতে ও দ্রুত প্রজ্ঞাপণ জারির দাবিতে অনশনে বসেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

গতকাল শনিবার (১১ মে) রাত ১০ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই অনশন কর্মসূচিতে বসেন।

আজ রবিবার দুপুরেও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শিক্ষার্থীদের অনশনরত দেখা যায়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি পালন করবেন বলে জানান সংগঠনটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ। তিনি বলেন, ‘গতকাল আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিয়ে যাচ্ছিলাম। নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো আমাদের নাগরিক অধিকার। কিন্তু পুলিশ আমাদের শাহবাগ মোড়ে বাধা দেয়। এক সময় তারা আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের অনেককে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তারা আমাদের ১২ জন শিক্ষার্থী ও একজন পথচারীকে আটক করে। আমরা জেনেছি আজকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।‘

তিনি বলেন, ‘আটককৃতদের মধ্যে একজনের আজকে ভাইভা, তবুও তাকে ছাড়া হয়নি। তাদেরকে কোর্টে চালান করা হবে। তাই আমরা আটককৃত ভাইদের নিঃশর্ত মুক্তি ও দ্রুত প্রজ্ঞাপণ জারির দাবিতে গতকাল রাত থেকে অনশন করছি। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাবো৷ আটককৃতদের ছেড়ে দিলে আমরা সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবো।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত