সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের (সুপ্রিম কোর্ট বার) ভোট গণনাকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ও হত্যাচেষ্টার মামলায় ওই নির্বাচনে সম্পাদক পদে অংশ নেওয়া অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর জামিন মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন মাহবুব আহমেদের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেয়। যুথীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী। গত ২০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যুথীকে এ মামলায় আট সপ্তাহের আগাম জামিন দেয়।
গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করা হয়। মামলায় স্বতন্ত্র থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তাকে হত্যাচেষ্টার অভিযোগে বাদী হয়ে এ মামলাটি করেন।
