রিয়ালের কাছে লা লিগা এখন কেবল আনুষ্ঠানিকতা। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সামনে রেখে লিগের ম্যাচগুলো তাদের প্রস্তুতির মঞ্চ। সেই প্রস্তুতি দারুণভাবে সেরেছেন ভিনি-বেলিংহামরা। সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের জালে ৫ গোল দিয়েছে রিয়াল।
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে রেকর্ডও গড়েছে রিয়াল। চলতি মৌসুমে লা-লিগার ৩৬ ম্যাচের মধ্যে ২০টিতেই কোনো গোল হজম করেনি রিয়াল, যা ক্লাবটির ইতিহাসের রেকর্ড। এর আগে ১৯৮৬-৮৭, ১৯৮৭-৮৮ ও ২০১৯-২০ মৌসুমে সর্বোচ্চ ১৯টি ম্যাচে ক্লিনশিট ছিল রিয়ালের।
গোলবার অক্ষত রাখায় দুর্দান্ত পারদর্শিতা দেখিয়েছেন সদ্য ইনজুরি থেকে ফেরা থিবো কোর্তোয়া। আলাভেসের একের পর এক আক্রমণ রুখে দিয়ে বড় কীর্তি গড়েছেন তিনি। ২০০৮ সালে ইকার কাসিয়াসের পর রিয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে ১০ বা এর বেশি সেভ করলেন তিনি।
রাতের ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। একবার করে জালের দেখা পান ফেদে ভালভার্দে ও আর্দা গুলার।
