উচ্ছেদের প্রতিবাদে পুলিশ কর্মকর্তার কার্যালয় ঘেরাও

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:১৬ এএম

রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট উচ্ছেদ করায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন হকাররা। গতবাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা হকারদের পুনর্বাসন করে উচ্ছেদের দাবি করেন। তবে পুলিশের পক্ষ থেকে হকারদের তালিকা চেয়ে তিন দিন সময় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা বসানোর কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলে ভোগান্তি হয়। এ কারণে নিরাপদ সড়ক নিশ্চিতে ও জনভোগান্তি কমাতে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে উচ্ছেদের বিরোধিতা করে অনেকে উপকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেন।

লালবাগ বিভাগের ছয়টি থানা থেকে দেড় হাজারের বেশি হকার বিক্ষোভে অংশ নিয়েছেন বলে তারা দাবি করেন।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা। বিষয়টি নিয়ে নানা সময়ে আশ্বাস দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাহবুব-উজ-জামান বলেন, রাস্তাঘাট দখল করে জনগণের ভোগান্তি তৈরি করে দোকান করার দাবি ন্যায্য হতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত