যুক্তরাষ্ট্রকে সংকীর্ণতা ছাড়তে হবে : জয়শঙ্কর

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৩৮ এএম

ইরানের চাবাহার বন্দর নিয়ে ভারতের দীর্ঘমেয়াদি চুক্তির পরপরই যুক্তরাষ্ট্র বলেছিল, ইরানের ওপর যেহেতু নিষেধাজ্ঞা আছে তাই তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারাও থাকবে সেই ঝুঁকিতে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার দেশটির পররাষ্ট্র বিভাগের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এই হুঁশিয়ারি দিয়েছিলেন। পরদিনই তার সেই হুঁশিয়ারির জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এই বন্দর প্রকল্পে সবাই উপকৃত হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখলে চলবে না। অতীতে যে যুক্তরাষ্ট্রও খোদ চাবাহার বন্দরের গুরুত্ব নিয়ে কথা বলেছে, সে উদাহরণও তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতায় নিজের বই ‘হোয়াই ভারত ম্যাটারস’ এর বাংলা সংস্করণের উদ্বোধনে যান এস জয়শঙ্কর। সেখানেই তাকে ভারতের সঙ্গে ইরানের চাবাহার বন্দর উন্নয়ন চুক্তি সই করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে জয়শঙ্কর বলেন, আমি কিছু মন্তব্য দেখেছি। কিন্তু এটি আসলে যোগাযোগের বিষয়। বোঝানোর বিষয় যে, এ চুক্তি আসলে সবার লাভের জন্যই। আমার মনে হয় না মানুষের এটি নিয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে এমন করেনি। অতীতে চাবাহার বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণ লক্ষ করলে দেখা যায়, তারা নিজেই স্বীকার ও প্রশংসা করেছে চাবাহার বন্দরের বিপুল প্রাসঙ্গিকতা নিয়ে...আমরা এ বন্দর নিয়ে কাজ করব। আমাদের বিশ্বাস, এতে গোটা অঞ্চলই উপকৃত হবে।

ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন করা যাবে। পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য ইরান ও ভারত ২০১৬ সালে একটি চুক্তি করেছিল। সোমবার বন্দরটির আরও উন্নয়নের জন্য ইরানের সঙ্গে দীর্ঘ ১০ বছর মেয়াদি চুক্তি সই করেছে ভারত। কিন্তু ইরানের সঙ্গে ভারতের এ চুক্তিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। বেদান্ত প্যাটেল সোমবার বলেন, যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম নিয়ে চিন্তা-ভাবনা করছে; তারা যে ঝুঁকির আশঙ্কার মুখে নিজেদের ঠেলে দিচ্ছে সে সম্পর্কে এবং নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি সম্পর্কেও তাদের সজাগ থাকা দরকার।

যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিরই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত