বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘একটি দুঃসময় অতিক্রম করেছে দেশ। উৎপাদন করার চেয়ে আমদানি বেশি; রপ্তানি আয়, প্রবাসী আয়ও কমেছে। দেশকে পুরোপুরি পরনির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ। ব্যাংক লুট হয়ে যাচ্ছে; বিচার হচ্ছে না। রিজার্ভ কমে যাচ্ছে; সরকার ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। গ্যাসের সন্ধান করে মানুষের চাহিদা মেটানোর চেয়ে গ্যাস আমদানি করার দিকে সরকারের ঝোঁক বেশি। এসব কারণে তিন মাসের মধ্যে রিজার্ভ শূন্যতে পৌঁছে যাবে।’
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় নজরুল এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের ১৬টি চিনিকল ছিল। এখন মাত্র ৭টি আছে; সেগুলোও তেমন ভালো নয়। যারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে যদি ছাত্র আন্দোলন থাকত, তাহলে হয়তো এ সরকার ক্ষমতায় থাকতে পারত না। সরকার খুব একটা সুখে নেই। ৭ জানুয়ারির নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরও খারাপ হয়েছে। দেশে রিজার্ভ কমে গেছে। আমাদের একটা কার্যকর ঐক্য তৈরি করে আন্দোলনে নামতে হবে। বড় ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে।’
লেবার পার্টির চেয়ারম্যান ডা.
মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন হেলাল প্রমুখ।
