বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (ভারত) সব সময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্যই কার্যক্রম পরিচালনা করে। শুধু ফারাক্কা বাঁধ বা গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রেও তারা (ভারত) গড়িমসি করে। সমস্যার সমাধান করে না, করছে না।’
তিনি বলেন, ‘দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করছি, হয়ে যাবে এই করে করে সময় পার করছে তারা। ব্যর্থতার মূল কারণ হচ্ছে, ক্ষমতাসীন সরকার ভারতের কাছে সম্পূর্ণ নতজানু। সরকার কখনোই জনগণের স্বার্থে অবস্থান নিতে পারেনি। তারা (সরকার) তাদের (ভারত) কাছে খুবই দুর্বল।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লংমার্চ’ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ১৯৭৫ সালের এই দিনে ফারাক্কা বাঁধের প্রতিবাদে মওলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লংমার্চ করেছিলেন।
মির্র্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে, জনগণকে রক্ষা করতে হলে দলমত-নির্বিশেষে ভেদাভেদ ভুলে এই দানবীয় সরকারকে সরাতে হবে। আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, কেউ আমাদের কিছু করে দিয়ে যাবে না।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসনে রাখা হয়েছে, ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের আগে তিন দিনে ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সরকার জনগণের সরকার নয়। নির্বাচন করলে তারা পরাজিত হবে জানে।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ হোক কাল হোক এ সরকার বদলাবেই। কেউ মনে করেন, শেখ হাসিনাকে পাঁচ বছর কিছু করা সম্ভব হবে না; কেউ বলেন, যত দিন জীবিত আছেন তাকে নড়ানো যাবে না। কিন্তু আমি দেখি, সরকার এমনিই নড়ছে। আমার এখানে নির্বাচন হবে, ভারত বলে সিকিউরিটির প্রশ্ন বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে। সে (ভারত) কে!’
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্ত হত্যার প্রসঙ্গে টেনে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বলে, ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক। রক্তের বাঁধনের জন্যই তারা প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের পরিষ্কার করে দিয়েছেন। এই পররাষ্ট্রনীতির মানে দেশকে দাসত্বের দিকে ঠেলে দেওয়া।’
সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দুবাইয়ে অত্যন্ত দামি ৩৯৩টি বাড়ির খবর পাওয়া গেছে। ব্যাংক, ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে সেই টাকায় দুবাইয়ে বাড়ি বানানো হচ্ছে। গত পরশু দিন বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকার কোড হ্যাক করে লুট করা হয়েছে বলে খবর বেরিয়েছে। কোনো উত্তর দিতে পারে না সরকার।’ সে সময় দলের কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
