চেয়ারম্যানের দায়িত্ব অবৈধ ফেরত দিতে হবে বেতনভাতা

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:৩৫ এএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের গত ৫ বছর দায়িত্ব পালন অবৈধ ঘোষণা করেছে হাইকোট। পাশাপাশি এ সময়ে বেতন-ভাতাসহ নেওয়া সুযোগ-সুবিধা বাবদ তাকে ৩৩ লাখ ২৬ হাজার ৬১৯ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সংশ্লিষ্ট বিষয়ে রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায় অনুযায়ী, সোহেলকে তিন মাসের মধ্যে বেতন-ভাতা ও সুবিধার টাকা ফেরত দিতে হবে। ব্যত্যয় হলে জেলা প্রশাসককে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে, ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম শহীদ উল্যাহ মজুমদার উপজেলা নির্বাচন নিয়ে ২০১৯ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হালিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শহিদউল্লাহ ও হালিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা। এরপর জেলা আপিল করলেও তা বহাল থাকে। এরপর তারা হাইকোর্টের দারস্থ হন। শুনানি শেষে ওই বছরের ১৪ মার্চ হাইকোর্ট তাদের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দিয়ে রুল দেয়। এরপর দুজনে নির্বাচনী প্রচারণাও শুরু করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে আবেদনের পর আপিল বিভাগের চেম্বার আদালত ২৫ মার্চ নির্বাচন ও এ দুই প্রার্থীর প্রার্থিতার ওপর স্থগিতাদেশ দেয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সোহেল। 

২০২০ সালে মেজবাউলের ওই পদে থাকার বৈধতা নিয়ে উপজেলার এক বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করে। শুনানি শেষে হাইকোর্ট রুল দেয়। রুলের চূড়ান্ত শুনানির পর গতকাল এ রায় হলো।

আদালতে দুই প্রার্থী আব্দুল হালিম ও শহিদুল্লাহ মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, এস এম কফিল উদ্দিন।  মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও মো. অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাঈনুল হাসান বলেন, তিনি (মেজবাহুল) শপথ না নিয়েই দায়িত্ব পালন করে আসছিলেন যা অবৈধ। হাইকোর্টের এই রায়ের পর বাকি সময়টুকু প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে তিনি (মেজবাহুল) যেসব সুযোগ-সুবিধা নিয়েছেন তা ফেরত দেবেন। সেখানে আবারও নির্বাচন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত